কোরবানির হাটে আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন খামার ও পশুর হাটে দেখা মিলছে ব্যতিক্রমধর্মী নামের গরু-মহিষের। প্রতি বছরের মতো এবারও একটি ভিন্নধর্মী নাম ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে এবার সবার নজর কেড়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষ। খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি।
তিনি বলেন, এটি একটি এলভিনো জাতের মহিষ। এর গোলাপি আভাযুক্ত সাদা রং এবং সামনের অংশের বিশেষ ধরনের চুলের গঠন দেখে মজার ছলেই এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
খামার কর্তৃপক্ষ জানায়, নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিদিন মহিষটি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকেই এটি কিনতে আগ্রহ প্রকাশ করলেও ইতোমধ্যে একজন ক্রেতা মহিষটি বুকিং দিয়ে রেখেছেন।
খামারের কর্মীদের ভাষ্য, মহিষটি ঘাস, ভুট্টা ও ভূষি খেতে পছন্দ করে এবং বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে।
প্রতি বছর কোরবানির ঈদকে ঘিরে বড় ও আকর্ষণীয় পশুর ব্যতিক্রমী নামকরণ ক্রেতা ও দর্শনার্থীদের বাড়তি আগ্রহ তৈরি করে।
📍 নারায়ণগঞ্জ প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 নারায়ণগঞ্জ, বাংলাদেশ