সিগারেটের দাম বাড়িয়ে সর্বনিম্ন ১৭ টাকা করার প্রস্তাব, তামাক নিয়ন্ত্রণে জোর

admin

May 12, 2026

সিগারেটের দাম বাড়িয়ে সর্বনিম্ন ১৭ টাকা করার প্রস্তাব, তামাক নিয়ন্ত্রণে জোর

তরুণদের তামাকাসক্তি কমানো এবং তামাকজনিত মৃত্যুহার নিয়ন্ত্রণে সিগারেটের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব দিয়েছে তামাকবিরোধী দুটি সংগঠন। প্রস্তাব অনুযায়ী, প্রতি শলাকা সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ টাকা থেকে সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো যৌথভাবে এই প্রস্তাব তুলে ধরে।

সংগঠনগুলোর প্রস্তাব অনুযায়ী, সিগারেটকে চারটি মূল্যস্তরে ভাগ করে কর ও মূল্য পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবে বলা হয়, প্রিমিয়াম স্তরের ১০ শলাকার প্যাকেটের মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হলে করসহ প্রতি সিগারেটের দাম দাঁড়াবে প্রায় ৩৫ টাকা। উচ্চ স্তরের ক্ষেত্রে ১০ শলাকার প্যাকেট ১৫০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে প্রতি শলাকার মূল্য হবে প্রায় ২৫ টাকা।

অন্যদিকে মাঝারি ও নিম্ন স্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেট ১০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এতে প্রতিটি সিগারেটের দাম সর্বনিম্ন প্রায় ১৭ টাকা হবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ধূমপান দেশে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের অন্যতম বড় কারণ। প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এবং অকাল মৃত্যুর শিকার হচ্ছেন।

বক্তাদের দাবি, সিগারেটের মূল্য বাড়ানো হলে বিশেষ করে তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা কমবে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে তারা মনে করছেন।

আগামী জাতীয় বাজেটে তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ হিসেবে এই প্রস্তাবগুলো বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ