মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজারে অস্থিরতা: ডা. শফিকুর রহমান
দেশের বাজারব্যবস্থায় অস্থিরতার জন্য মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দায়ী করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি তৈরি করে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে।
মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাজারে পণ্যের সরবরাহ ও বাস্তব চাহিদার সঙ্গে দামের অনেক ক্ষেত্রে সামঞ্জস্য নেই। একটি স্বার্থান্বেষী চক্র বিভিন্ন পর্যায়ে প্রভাব খাটিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ বর্তমানে দ্রব্যমূল্যের চাপে কষ্টে আছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন জামায়াত আমির। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি জানান।
তিনি বলেন, জনগণের জন্য সহনীয় বাজার নিশ্চিত করতে বিরোধী দল সংসদের ভেতরে ও বাইরে তাদের অবস্থান থেকে সোচ্চার থাকবে।
ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ