১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
গত ১৬ মাসে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে UNHCR।
মিয়ানমারের Rakhine State-এ চলমান সংঘাত ও সহিংসতার কারণে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ অব্যাহত রয়েছে। বুধবার (১৩ মে) প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে ইউএনএইচসিআর।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে নতুন করে আসা ১ লাখ ৪৯ হাজার ৭৬৯ জন রোহিঙ্গাকে নিবন্ধন করা হয়েছে। শুধু গত মাসেই নতুন করে ২ হাজার ৭৮০ জন রোহিঙ্গা নিবন্ধিত হয়েছেন।
সংস্থাটির তথ্যমতে, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে মোট ১১ লাখ ৯৪ হাজার ১২৩ জন রোহিঙ্গা অবস্থান করছেন। এদের মধ্যে প্রায় ৭৮ শতাংশ নারী ও শিশু, আর ১২ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন।
ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২৪ সাল থেকে রাখাইনে সহিংসতা ও নির্যাতন বাড়ার কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। নিরাপত্তার খোঁজে অনেক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন।
গত ৩০ এপ্রিল পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গাদের মধ্যে ১০ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন ১৯৯০ ও ২০১৭ সালের পর বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, রাখাইনে চলমান অস্থিরতার কারণে নতুন করে রোহিঙ্গা প্রবেশের ধারা অব্যাহত রয়েছে এবং নতুন আগতদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম চলছে।
📍 কক্সবাজার প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 কক্সবাজার, বাংলাদেশ