হজযাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি, রোদ এড়িয়ে চলার পরামর্শ

admin

May 21, 2026

হজযাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি, রোদ এড়িয়ে চলার পরামর্শ

পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। অতিরিক্ত গরম ও তীব্র রোদ থেকে নিরাপদ থাকতে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলা জরুরি। বিশেষ করে দিনের অতিরিক্ত গরমের সময় বাইরে চলাফেরা কম করার এবং সম্ভব হলে পরিবহন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া হাঁটার সময় ছাতা ব্যবহার বা মাথা ঢেকে রাখার পাশাপাশি ছায়াযুক্ত পথ ব্যবহার করতে বলা হয়েছে। শরীরে পানিশূন্যতা এড়াতে নিয়মিত পানি পান করারও আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, স্বাচ্ছন্দ্যের সঙ্গে ইবাদত পালনের স্বার্থে দীর্ঘ সময় খোলা রোদে অবস্থান না করাই উত্তম। বিশেষ করে দুপুরের তীব্র গরমের সময় সরাসরি রোদে হাঁটাচলা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

হজযাত্রীদের সচেতন করতে সৌদি সরকারের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নিয়মিত সচেতনতামূলক বার্তা ও পরামর্শ সামাজিক যোগাযোগমাধ্যম এবং হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে।

📍 আরডিএম প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, Bangladesh

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ