শিক্ষার্থীর বাড়িতে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্বর্ণালঙ্কার লুটের সন্দেহ

admin

May 20, 2026

শিক্ষার্থীর বাড়িতে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্বর্ণালঙ্কার লুটের সন্দেহ

চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ হওয়া গৃহশিক্ষিকা মরিয়ম বেগমের (৫৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ার এক শিক্ষার্থীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশের ধারণা, স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হতে পারে। মরদেহের মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কানের দুল পরার অংশ ছেঁড়া অবস্থায়ও ছিল বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার সকালে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, স্বর্ণালঙ্কারের জন্য এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

নিহতের পরিবার জানায়, সোমবার দুপুরে রুবেল নামের এক ব্যক্তির বাড়িতে প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ হন মরিয়ম বেগম। এরপর সারাদিনেও তিনি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়।

পরিবারের অভিযোগ, মরিয়মের স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের ঘটনায় রুবেল ও তার স্ত্রী সুমি খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে একজন স্বর্ণকারের কাছ থেকে মরিয়মের দুটি স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে। পরে ওই স্বর্ণকারকেও আটক করা হয়।

পুলিশ আরও জানায়, গতকাল সুমি খাতুন ওই স্বর্ণকারের কাছে দুল দুটি বিক্রি করেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ