বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০% ও পাইকারি দাম ২১% বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে তীব্র বিরোধিতা

admin

May 21, 2026

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০% ও পাইকারি দাম ২১% বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে তীব্র বিরোধিতা

দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এবার ইউনিটপ্রতি বিদ্যুতের সঞ্চালন চার্জ প্রায় ৬০ শতাংশ এবং পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গতকাল বুধবার (২০ মে) রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এক গণশুনানিতে বিদ্যুৎ খাতের দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা এই প্রস্তাব পেশ করে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) তাদের প্রস্তাবে জানায়, বর্তমান সঞ্চালন চার্জ প্রতি ইউনিটে ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৪৯ পয়সা করা হোক। অর্থাৎ ইউনিটপ্রতি সঞ্চালন ব্যয় ১৯ পয়সা বা প্রায় ৬০ শতাংশ বাড়ানোর আবেদন করেছে সংস্থাটি।

একই গণশুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১ টাকা ৫০ পয়সা বা প্রায় ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয়। শুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম সংকটের চিত্র তুলে ধরে বলেন, “চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে সম্ভাব্য ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৬২ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরে এই ঘাটতি আরও বেড়ে ৬৫ হাজার কোটি টাকায় পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে বিদ্যুতের দাম সমন্বয় (বৃদ্ধি) করা না হলে পুরো বিদ্যুৎ খাত মারাত্মক আর্থিক ঝুঁকির মুখে পড়বে।”

গ্রাহক ও ব্যবসায়ীদের তীব্র ক্ষোভ ও বিরোধিতা
তবে সরকারি সংস্থাগুলোর এই মূল্যবৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী প্রতিনিধি এবং ভোক্তা অধিকার সংস্থা কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-সহ সংশ্লিষ্ট অংশীজনরা। শুনানিতে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা, সিস্টেম লস, অনিয়ম ও ক্যাপাসিটি চার্জের নামে লুটপাটের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানোর অপচেষ্টা চলছে।

ব্যবসায়ী ও ক্যাব প্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এই পরিস্থিতিতে নতুন করে বিদ্যুতের দাম বাড়লে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে যাবে। পাশাপাশি শিল্পকারখানায় উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় দেশীয় উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় চরমভাবে পিছিয়ে পড়বেন।

এদিকে, পাইকারি ও সঞ্চালন চার্জের পর আজ বৃহস্পতিবার (২১ মে) গ্রাহক বা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর চূড়ান্ত গণশুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

জাতীয় ও অর্থনৈতিক ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ