বাজেটে বিদ্যুৎ-জ্বালানিতে থাকছে বড় বরাদ্দ, ভর্তুকি চাহিদা ৭০ হাজার কোটি

admin

June 4, 2026

বাজেটে বিদ্যুৎ-জ্বালানিতে থাকছে বড় বরাদ্দ, ভর্তুকি চাহিদা ৭০ হাজার কোটি

আগামী অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ রাখার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে এ খাতে ভর্তুকির চাহিদা দাঁড়াতে পারে অন্তত ৭০ হাজার কোটি টাকায়। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি ব্যয়ের চাপ কমাতে দেশীয় গ্যাস উত্তোলন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। অন্যদিকে সরকার বলছে, নতুন নীতি কাঠামোয় জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
চলতি অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়ন বরাদ্দ আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ কমিয়ে ২২ হাজার ৫২০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে আগামী বাজেটে এ খাতে বরাদ্দ বাড়িয়ে প্রায় ৩২ হাজার ৬৯১ কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে, যা মোট এডিপির প্রায় ১১ শতাংশ।
বর্তমানে উৎপাদন খরচের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম দামে গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি করছে সরকার। ফলে প্রতি বছর বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। ইউনিট প্রতি বিদ্যুতের দাম দেড় টাকা পর্যন্ত বাড়ানো হলেও ভর্তুকির প্রয়োজন হতে পারে প্রায় ৪৫ হাজার কোটি টাকা। এছাড়া আন্তর্জাতিক বাজারে এলএনজির মূল্যবৃদ্ধির কারণে আগামী ছয় মাসে গ্যাস খাতে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকার ভর্তুকি প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া জরুরি।
জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন, বর্তমানে দেশের গ্যাস উৎপাদন কমে প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। এটি বাড়িয়ে অন্তত ২ হাজার মিলিয়ন ঘনফুটে উন্নীত করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ঘাটতি এলএনজি আমদানির মাধ্যমে পূরণ করতে হবে।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অতীতে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হলেও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। বর্তমান সরকার সেই ঘাটতি পূরণে কাজ করছে এবং আমদানি নির্ভরতা কমানোর ওপর জোর দিচ্ছে।
আগামী বাজেটে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌর প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়সহ বিভিন্ন নীতিগত সুবিধা দেওয়া হতে পারে বলেও জানা গেছে।

#RDM_News_প্রতিনিধি

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ