বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের উত্তরাঞ্চলে টানা ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি বিভাগে আগামী কয়েকদিন টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সোমবার (১১ মে) বেলা ১১টার সতর্কবার্তায় জানানো হয়, আগামী ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী (৪৪–৮৮ মিলিমিটার) এবং কোথাও কোথাও অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।
এ সময় সিলেট বিভাগের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, উত্তর শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় এই লঘুচাপটি তৈরি হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও আশপাশে একটি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে, যা আবহাওয়ার এই পরিবর্তনে প্রভাব ফেলছে।
বিশেষজ্ঞরা বলছেন, লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে অগ্রসর হবে কি না, তা আগামী ২৪ ঘণ্টার পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যাবে।
গত কয়েকদিনের তীব্র গরমের পর ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে রংপুর বিভাগে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া সপ্তাহজুড়ে ঢাকা, ময়মনসিংহসহ দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ