পাসপোর্টে ফিরছে ‘এক্সেপ্ট ইসরায়েল’, বাদ পড়ছে ধানমন্ডি ৩২
দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশের পাসপোর্টে আবারও ফিরতে যাচ্ছে ‘এক্সেপ্ট ইসরায়েল’ (Except Israel) শব্দবন্ধ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ই-পাসপোর্ট চালুর পর এই শব্দবন্ধটি তুলে নেওয়া হয়েছিল। বর্তমান সরকার দেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি এবং জনমতের প্রতি শ্রদ্ধা রেখে এটি পুনরায় বহালের উদ্যোগ নিয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের ঐতিহ্যগত অবস্থান ও কূটনৈতিক নীতি অক্ষুণ্ন রাখতেই এই সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে প্রাথমিক আলোচনা ও সীমিত উদ্যোগ নেওয়া হলেও, এবার সব ধরনের পাসপোর্টে এটি স্থায়ীভাবে যুক্ত করার চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে।
পাসপোর্টের ভেতরে জলছাপ ও ছবিতে বড় পরিবর্তন
শব্দবন্ধ পুনর্বহালের পাশাপাশি ই-পাসপোর্টের ভেতরের পাতাগুলোর জলছাপ (Watermark) ও ছবিতে আমূল পরিবর্তন আনা হচ্ছে। বাদ পড়ছে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার সমাধিসৌধ, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো রাজনৈতিক ও বিগত সরকারের আমলের মেগা প্রকল্পের ছবিগুলো।
এর পরিবর্তে পাসপোর্টের পাতায় নতুন করে স্থান পাচ্ছে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের প্রতীকী ছবি। এছাড়া দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও আবহমান সংস্কৃতির উপাদান হিসেবে যুক্ত হচ্ছে বঙ্গভবন, জামদানি শাড়ি, ইলিশ, কাঁঠাল, টাঙ্গুয়ার হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, আহসান মঞ্জিল, শালবন বিহার, নীলগিরি পাহাড়, রাজশাহীর আমবাগান, জাতীয় স্মৃতিসৌধ এবং পানাম নগরীর ছবি।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন নকশার পাসপোর্ট ধাপে ধাপে ইস্যু করা হবে। তবে পুরোনো পাসপোর্টধারীদের এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই; বর্তমান পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে এই নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন নাগরিকেরা।
জাতীয় ও অভ্যন্তরীণ ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ