পানি সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ: একনেকে উঠছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প

admin

May 11, 2026

পানি সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ: একনেকে উঠছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দীর্ঘদিনের পানি সংকট, লবণাক্ততা ও নদী ব্যবস্থার অবনতি মোকাবিলায় কৌশলগত সমাধান হিসেবে আবারও আলোচনায় এসেছে পদ্মা ব্যারেজ প্রকল্প। আগামী ১৩ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটি অনুমোদন পেলে পদ্মা নদীতে প্রায় ২ হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে। এর মাধ্যমে শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ বজায় রাখা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত গড়াই-মধুমতি, হিসনা, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতি নদী ব্যবস্থায় নিয়ন্ত্রিত পানিপ্রবাহ নিশ্চিত করা হবে। একই সঙ্গে কৃষি সেচ, সুপেয় পানি সরবরাহ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পেও পানি ব্যবহারের ভারসাম্য বজায় রাখার কথা বলা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় ২৮ লাখ হেক্টরের বেশি কৃষিজমি সরাসরি উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। এতে ধানসহ অন্যান্য ফসল উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি আসতে পারে।

নথি অনুযায়ী, পদ্মা ব্যারেজ থেকে প্রায় ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ব্যারেজকে কেন্দ্র করে সড়ক, গ্যাস ও বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো যুক্ত করার সুযোগও তৈরি হবে।

প্রকল্পের আওতায় বছরে ধান উৎপাদন প্রায় ২৩ লাখ টন এবং মৎস্য উৎপাদন ২ লাখ টনের বেশি বাড়তে পারে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৯ লাখের বেশি স্থায়ী ও অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর থেকে পদ্মা নদীর স্বাভাবিক প্রবাহ কমে যাওয়ায় লবণাক্ততা, কৃষি ও পরিবেশে বড় ধরনের প্রভাব পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় পদ্মা ব্যারেজকে একটি দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে দেখা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভিত্তিক অর্থনীতি, পরিবেশ এবং উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ