ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, মামলা থেকে বাঁচার ৫ উপায়
ঢাকার ব্যস্ত সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে আধুনিক এআই ক্যামেরা, যা স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহন শনাক্ত করছে এবং তাৎক্ষণিকভাবে মামলা প্রক্রিয়া শুরু করছে।
বাংলামোটর, সোনারগাঁও মোড়, কারওয়ান বাজার ও বিজয় সরণির মতো গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপিত এসব ক্যামেরা সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, নতুন এই প্রযুক্তির মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ করে পাঁচ ধরনের নিয়ম ভঙ্গের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলো হলো—
১. লাল বাতি অমান্য করা
২. স্টপ লাইনের বাইরে গাড়ি থামানো
৩. উল্টো পথে গাড়ি চালানো
৪. অবৈধ পার্কিং করা
৫. নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা করানো
কোনো যানবাহন এসব নিয়ম ভঙ্গ করলে এআই ক্যামেরা তা সঙ্গে সঙ্গে শনাক্ত করছে। পরে গাড়ির মালিকের মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হচ্ছে অথবা নিবন্ধিত ঠিকানায় মামলার নোটিশ পৌঁছে দেওয়া হচ্ছে।
জরিমানার অর্থ নির্ধারিত ব্যাংক কিংবা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টদের আশা, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং চালকদের মধ্যে আইন মানার প্রবণতা বাড়াবে।
— আরডিএম নিউজ প্রতিনিধি