এর চেয়ে ক্রসফায়ারই ভালো”: আদালতে সুব্রত বাইনের মেয়ে বিথি
আইন ও আদালত ডেস্ক, RDM News 24
ঢাকা, বাংলাদেশ: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডায় সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথিকে নতুন করে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
শুনানি চলাকালে আদালতের অনুমতি নিয়ে বিথি নিজের অসহায়ত্ব প্রকাশ করে আবেগজড়িত কণ্ঠে বলেন, “এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন? আমার ১৩ বছরের একটি মেয়ে সন্তান আছে। আমি চাকরিজীবী মানুষ, বারবার মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই।”
তিনি আরও বলেন, “আমার বাবার পরিচয়ের কারণে আমাকে বারবার বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে। অথচ আমি সেদিন বাবাকে দেখতে গিয়েছিলাম, সেখান থেকেই আমাকে গ্রেপ্তার করা হয়। আমি জুলাই আন্দোলনের সময় পার্ট-টাইম চাকরির কাজে সিলেটে ছিলাম। এর বাইরে আমি কিছুই জানি না।”
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। তিনি আদালতকে জানান, মামলার তদন্তে আসামি খাদিজা ইয়াসমিনের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে বলা হয়, আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে তদন্ত কাজে ব্যাঘাত ঘটাতে পারেন, তাই তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। শুনানিকালে আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর খাদিজা ইয়াসমিনকে কুমিল্লা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আটক করে। পরবর্তীতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেই সময় থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। আজ নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর পর পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অপরাধ ও আইন ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ