এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ
কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) বিকেলে জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, হামলায় আহত হয়েছেন এমপির শ্যালক ও স্থানীয় সাংবাদিক আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন।
আহত আবু বক্করের দাবি, এমপি আমির হামজা একটি গাড়িতে এবং পরিবারের অন্যান্য সদস্যরা অন্য একটি গাড়িতে জীবননগরের দিকে যাচ্ছিলেন। পথে হাসাদাহ বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক রাস্তা আটকে রাখলে গাড়িচালক বিষয়টি নিয়ে কথা বলতে যান। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে মারধর করেন বলে অভিযোগ করা হয়।
তিনি জানান, নিজের পরিচয় দেওয়ার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এ সময় তার বোনের প্রতিও অশালীন আচরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং প্রয়োজনীয় অনুসন্ধান চলছে। ঘটনার পর এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা থানায় অবস্থান করেন।
📍 RDM প্রতিনিধি | জীবননগর, চুয়াডাঙ্গা