কলম বিরতির নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

admin

June 4, 2026

কলম বিরতির নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদের একাংশের ডাকা এক ঘণ্টার ‘কলম বিরতি’র কোনো প্রাতিষ্ঠানিক নির্দেশনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইন। একই সঙ্গে কোনো কর্মকর্তা গ্রাহক সেবা দিতে অস্বীকৃতি জানালে বা গ্রাহক হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ব্যাংকের অবস্থান স্পষ্ট করেন।

এর আগে গতকাল বুধবার ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ‘সচেতন গ্রাহক ফোরাম’ নামের একটি প্ল্যাটফর্ম। সেই সমাবেশ থেকেই ব্যাংকের কর্মকর্তাদের আজ বৃহস্পতিবার এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানানো হয়েছিল। ওই আহ্বানে সাড়া দিয়ে আজ দেশের বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকটি শাখায় কর্মকর্তাদের একাংশ কলম বিরতি পালন করছেন এবং এতে গ্রাহক সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন বলেন, “আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমন কোনো কলম বিরতির নির্দেশনা দেওয়া হয়নি। গ্রাহকদের সেবা না দিয়ে ব্যাংকে বসিয়ে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের কর্মকর্তারা সেবা দিতে প্রস্তুত আছেন। তবে কোনো নির্দিষ্ট শাখায় কী ঘটছে, তা প্রধান কার্যালয়ে বসে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব নয়। আমরা খোঁজ নিচ্ছি, সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

চলমান আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গ্রাহকদের একযোগে আমানত তুলে নেওয়ার আশঙ্কা এবং ব্যাংকের আর্থিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “লজিক্যালি কোনো ব্যাংক থেকেই যদি গ্রাহকেরা একদিনে তাদের সব টাকা তুলে নেন, তাহলে সেই ব্যাংক বন্ধ হয়ে যাবে। তবে বাস্তবে এমন পরিস্থিতি কখনো ঘটে না।”

তিনি আরও যোগ করেন, “আন্দোলনসহ বিভিন্ন কারণে স্বাভাবিকভাবেই অর্থ উত্তোলনের চাপ কিছুটা বেড়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি সহনীয় পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত আমানতকারীদের উদ্বিগ্ন বা আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তেমন কিছু হলে সেটি সবারই নজরে আসত।”

অর্থ ও বাণিজ্য ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ