নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করল সরকার
নারায়ণগঞ্জের পরিকল্পিত নগর উন্নয়ন ও অবকাঠামোগত ব্যবস্থাপনা জোরদার করতে সরকার আনুষ্ঠানিকভাবে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’ (এনডিএ) গঠন করেছে।
মঙ্গলবার (৩ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ধারা ৪-এর উপধারা (১) অনুযায়ী সরকার এই কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে। নতুন এই সংস্থা নারায়ণগঞ্জের পরিকল্পিত নগর উন্নয়ন, ভূমি ব্যবহার ব্যবস্থাপনা, আবাসন উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
এর মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগরী ও আশপাশের এলাকার উন্নয়ন কার্যক্রম একটি সমন্বিত ও স্বতন্ত্র প্রশাসনিক কাঠামোর আওতায় পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, দ্রুত নগরায়ণের কারণে নানা পরিকল্পনাগত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া নারায়ণগঞ্জে নতুন এই উন্নয়ন কর্তৃপক্ষ দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রজ্ঞাপনটিতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব অভিজিৎ রায়।
নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী নারায়ণগঞ্জের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
#RDM_News_প্রতিনিধি