জেমস বন্ড সেজে ট্রাম্পের ছবি পোস্ট, নিজেকে বললেন ‘সবচেয়ে বড় আকর্ষণ’

admin

June 4, 2026

জেমস বন্ড সেজে ট্রাম্পের ছবি পোস্ট, নিজেকে বললেন ‘সবচেয়ে বড় আকর্ষণ’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একটি আলোচিত মিম শেয়ার করে নতুন ঝড়ের জন্ম দিয়েছেন। এবার তিনি ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ডের আদলে অনুসারীদের সামনে হাজির হয়েছেন। নিজেকে বিভিন্ন ঐতিহাসিক ও জনপ্রিয় ব্যক্তিত্বের সঙ্গে তুলনা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ট্রাম্পের। অতীতে তিনি এলভিস প্রিসলি, স্যার উইনস্টন চার্চিল, মাদার তেরেসা—এমনকি সাম্প্রতিক সময়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়ে যিশু খ্রিষ্টের সঙ্গেও নিজের তুলনা টেনেছেন।

সর্বশেষ পোস্টে ট্রাম্প তার তরুণ বয়সের একটি পুরোনো ছবি ব্যবহার করেছেন। কাঠের প্যানেলযুক্ত একটি আয়নার সামনে দাঁড়িয়ে থাকা সেই ছবির নিচে জেমস বন্ডের বিখ্যাত কোডনেমের অনুকরণে লেখা ছিল, ‘ট্রাম্প ০০৭’। কাকতালীয়ভাবে, জেমস বন্ড সিরিজের প্রযোজনা প্রতিষ্ঠান আমাজন এমজিএম বর্তমানে বন্ড চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছে। ড্যানিয়েল ক্রেইগের উত্তরসূরি হিসেবে নতুন অভিনেতা নির্বাচনের জন্য স্টুডিওটি আনুষ্ঠানিকভাবে আবেদনও আহ্বান করেছে। এই প্রতিষ্ঠানের মালিক জেফ বেজোসকে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখা হয়। এই প্রেক্ষাপটে গত ১৬ মে হোয়াইট হাউসের সরকারি অ্যাকাউন্ট থেকেও মজার ছলে ট্রাম্পকে ‘বন্ড’ হিসেবে কল্পনা করে একটি মিম প্রকাশ করা হয়েছিল। সেখানে টাক্সিডো পরা ট্রাম্পকে ছায়ামূর্তির ভঙ্গিতে সাইলেন্সার লাগানো পিস্তল হাতে দেখা যায় এবং নিচে সোনালি সামরিক ধাঁচের ফন্টে লেখা ছিল ট্রাম্পের বহুল পরিচিত রাজনৈতিক স্লোগান—’মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’।

জেমস বন্ড চরিত্রে পরবর্তী অভিনেতা কে হবেন, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখনও জোর আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন অ্যারন টেইলর-জনসন, টম হল্যান্ড, হ্যারিস ডিকিনসন, জ্যাকব এলর্ডি ও ক্যালাম টার্নারের মতো জাঁদরেল অভিনেতারা। ২০২১ সালের ‘নো টাইম টু ডাই’ চলচ্চিত্রের মাধ্যমে এই চরিত্রে নিজের যাত্রার ইতি টানেন ড্যানিয়েল ক্রেইগের। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে বন্ড মিম ছাড়াও আরও কয়েকটি পোস্ট নেটিজেনদের নজর কেড়েছে। একটি পোস্টে তাকে বিশাল জনসমাবেশের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যার ক্যাপশনে তিনি নিজেকে ‘দ্য গ্রেটেস্ট অ্যাট্র্যাকশন’ বা ‘সবচেয়ে বড় আকর্ষণ’ হিসেবে আখ্যা দেন। এছাড়া, ২০১২ সালে প্রয়াত হওয়া বিখ্যাত পপ তারকা হুইটনি হিউস্টনের সঙ্গে নিজের একটি পুরোনো ছবিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট, তবে এই ছবিটির পোস্ট করার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ তিনি উল্লেখ করেননি।

আন্তর্জাতিক ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ