প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসী কল্যাণ মন্ত্রী…..
প্রবাসীদের জন্য চালু হতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’, যা কার্যকর হলে আলাদাভাবে আর বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, একটি কার্ডের মাধ্যমেই যেন প্রবাসীরা সব ধরনের সুবিধা পান, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক ও সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সব বাংলাদেশি প্রবাসী এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। মধ্যপ্রাচ্যের কর্মীদের পাশাপাশি ইউরোপ, আমেরিকা ও লাতিন আমেরিকায় অবস্থানরত বাংলাদেশিরাও এর আওতায় আসবেন।
মন্ত্রী জানান, এই কার্ডটি অনেকটা ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। নির্দিষ্ট সেলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে এবং যাচাই-বাছাই শেষে যোগ্য প্রবাসীদের কার্ড প্রদান করা হবে।
কার্ডের মাধ্যমে কী কী সুবিধা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে সহজে রেমিট্যান্স পাঠানো, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সুবিধা, ব্যাংকিং সেবা সহজ করা এবং বিশেষ পেমেন্ট গেটওয়ে সুবিধার বিষয়গুলো বিবেচনায় রয়েছে। একই সঙ্গে এটি ডিজিটাল পরিচয়পত্র হিসেবেও ব্যবহৃত হবে এবং এতে ট্র্যাকিং সুবিধা যুক্ত থাকবে।
এ ছাড়া ভূমি সংক্রান্ত সেবা, হাসপাতালসহ বিভিন্ন সরকারি সেবায় প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান মন্ত্রী।
— আরডিএম নিউজ প্রতিনিধি