মশা নিয়ন্ত্রণে বিদেশ সফরের প্রয়োজন নেই, দেশীয় বাস্তবতা বোঝার পরামর্শ প্রধানমন্ত্রীর*
মশা নিয়ন্ত্রণ ও মশক নিধন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিদেশ সফরের পরিবর্তে স্থানীয় বাস্তবতা থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। প্রস্তাবটি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, মশা নিয়ন্ত্রণের কৌশল জানতে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বাস্তব পরিবেশ পর্যবেক্ষণ করলেই মশক নিয়ন্ত্রণে কার্যকর ও উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। স্থানীয় পর্যায়ে সমস্যার উৎস ও পরিস্থিতি সরেজমিনে দেখার মাধ্যমে অনেক কার্যকর সমাধান বেরিয়ে আসতে পারে বলেও তিনি মত দেন।
সরকারি সূত্র জানায়, জনস্বাস্থ্য ও মশাবাহিত রোগ প্রতিরোধে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্যোগ গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে।
📍 স্টাফ রিপোর্টার | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ