হামে শিশুমৃত্যু বেড়ে ৫১২, একদিনেই প্রাণ হারালো আরও ১৩ শিশু
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৫১২ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছিল, আর বাকিরা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত একদিনে দেশের বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ৯৬৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
সর্বশেষ মৃত্যুর ঘটনায় ঢাকায় ৪ জন, চট্টগ্রামে ২ জন, সিলেটে ৪ জন, বরিশালে ২ জন এবং ময়মনসিংহে ১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে মারা যাওয়া এক শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল।
পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪২৬ শিশু এবং হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৮৬ শিশুর।
এদিকে একই সময়ে সারাদেশে মোট ৬২ হাজার ৫০৭ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪৯ হাজার ৩৮৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ জন শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।
📍 আরডিএম প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ