থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আমিরাতের শীর্ষ প্রতিষ্ঠান ‘ডানাটা’

admin

May 21, 2026

থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আমিরাতের শীর্ষ প্রতিষ্ঠান ‘ডানাটা’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনায় গভীর আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ বিমান ও ভ্রমণসেবা প্রতিষ্ঠান ‘ডানাটা’ (dnata)। আজ বৃহস্পতিবার (২১ মে) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাতে এই প্রস্তাব উত্থাপন করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতের সাথে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ আলহামুদির এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিমান পরিবহন এবং পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠককালে আমিরাতের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আলহামুদি জানান, বৈশ্বিক পরিমণ্ডলে গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো ও ট্রাভেল সার্ভিসে ডানাটার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে তারা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত।

আমিরাতের এই প্রস্তাবের জবাবে পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত রাষ্ট্রদূতকে তৃতীয় টার্মিনাল চালুর চলমান অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, বর্তমানে বিমানবন্দরে ‘অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার’ (ORAT) প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়াটি পুরোপুরি সম্পন্ন হওয়ার পর সরকার দেশের স্বার্থ রক্ষা করে গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনার বিষয়ে চূড়ান্ত ও উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, আধুনিক পরিচালনাগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিমানবন্দরের সেবার মান আন্তর্জাতিক স্তরে উন্নীত করতে এবং যাত্রীদের বিশ্বমানের অভিজ্ঞতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। অন্যদিকে, আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিমান পরিবহন ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দেন।

উল্লেখ্য, দুবাই ভিত্তিক ‘ডানাটা’ বিশ্বজুড়ে বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং, পণ্য পরিবহন ও বিমান ক্যাটারিং সেবায় অন্যতম শীর্ষ বৈশ্বিক সেবাদাতা প্রতিষ্ঠান। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ পেতে যুক্তরাজ্য ও তুরস্কের একাধিক নামী প্রতিষ্ঠানও সরকারের কাছে তাদের আগ্রহপত্র জমা দিয়েছিল।

জাতীয় ও বিমান চলাচল ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ