ঢাকাসহ ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্মীপুরের রামগতিতে
রাজধানী ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। আজ বৃহস্পতিবার (২১ মে) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুর জেলার রামগতিতে।
তবে তাপপ্রবাহের মাঝেই দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে অধিদপ্তর। আবহাওয়া বুলেটিন অনুযায়ী—রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রভাবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
জাতীয় ও আবহাওয়া ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ