সুপ্রিম কোর্ট সচিবালয় ইস্যুতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল সরকার,,,,,,,,,

admin

May 21, 2026

সুপ্রিম কোর্ট সচিবালয় ইস্যুতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল সরকার

সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এ আপিল দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ রায় দেন। রায়ে সংবিধানের বর্তমান ১১৬ অনুচ্ছেদকে সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে তা বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

রায়ে আরও বলা হয়েছিল, তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় গঠন করতে হবে, যাতে বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম নির্বাহী বিভাগের প্রভাবমুক্তভাবে পরিচালিত হতে পারে।

পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আরও পৃথক করার উদ্যোগ নেয়। তবে পরে বিএনপি সরকার সেই অধ্যাদেশ বাতিল করে দেয়।

এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৯ মে) জারি করা এক প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে সেখানে কর্মরত সিনিয়র সচিবসহ মোট ১৫ জন কর্মকর্তাকে পুনরায় আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

আইন ও বিচারাঙ্গনে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, বিচার বিভাগের স্বাধীনতা ও প্রশাসনিক কাঠামো নিয়ে এই আপিল মামলার রায় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

📍 আরডিএম প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ