স্ত্রীর কাছে টাকা না পেয়ে দুই সন্তানকে অপহরণকারীদের হাতে তুলে দিলেন বাবা, পিবিআইয়ের অভিযানে শিশুসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

admin

May 20, 2026

স্ত্রীর কাছে টাকা না পেয়ে দুই সন্তানকে অপহরণকারীদের হাতে তুলে দিলেন বাবা, পিবিআইয়ের অভিযানে শিশুসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

অনলাইন জুয়া ও মাদকের টাকা জোগাতে স্ত্রীর কাছে দাবি করা অর্থ না পেয়ে নিজের দুই সন্তানকে একটি মানব পাচারকারী চক্রের হাতে তুলে দেওয়ার বর্বরোচিত অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। অপহরণের দীর্ঘ এক মাস পর অবশেষে ওই দুই শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা শাখা।

গতকাল মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে ঝর্ণা আক্তারের সঙ্গে অভিযুক্ত মেজবাহ উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সি আরিয়ান ও মাত্র ২৮ দিন বয়সি আব্দুর রহমান জুবায়েত নামে দুটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই মেজবাহ উদ্দিন বিভিন্ন নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে সংসারে অশান্তি সৃষ্টি করে আসছিলেন। পাশাপাশি তিনি মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত হয়ে স্ত্রীকে নিয়মিত বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন। টাকা না দিলে সন্তানদের বিক্রি করে দেওয়ার হুমকিও দিতেন তিনি।

তদন্তে জানা যায়, গত ২১ এপ্রিল সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বুকস গার্ডেন এলাকা থেকে পূর্বপরিকল্পিতভাবে দুই সন্তানকে অপহরণ করা হয়। এই অপকর্মে মেজবাহ উদ্দিনকে সরাসরি সহায়তা করেন তার পূর্বপরিচিত মানব পাচার চক্রের মূলহোতা এমদাদুল হক রাব্বানী। পরবর্তীতে ভুক্তভোগী মা জানতে পারেন যে, তার দুই সন্তানকে পাচারের উদ্দেশ্যে বিক্রির চূড়ান্ত পরিকল্পনা করা হয়েছে। সন্তানদের কোনো খোঁজ না পেয়ে গত ১৩ মে তিনি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর তদন্তে নেমে গত ১৮ মে গভীর রাতে রাজধানীর বনানী কড়াইল বস্তির টিএনটি গেট এলাকা থেকে মূলহোতা এমদাদুল হক রাব্বানীকে গ্রেপ্তার করে পিবিআই। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে নূর-ই-নাসরিন নামে এক নারীকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে ২৮ দিন বয়সি শিশু জুবায়েতকে উদ্ধার করা হয়। এর আগে গত ১৩ মে রাতে সাভারের আড়াপাড়া এলাকার ‘নিঝুমনিবাস’ থেকে পাঁচ বছর বয়সি বড় ছেলে আরিয়ানকে উদ্ধার করে সংস্থাটি। এই অমানবিক ঘটনায় জড়িত থাকার অপরাধে শিশু দুটির বাবা মেজবাহ উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছে।

পিবিআই জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত এমদাদুল হক রাব্বানী একটি সক্রিয় মানব পাচার চক্রের গডফাদার বলে প্রমাণ পাওয়া গেছে। সে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন উপায়ে দরিদ্র, অসচ্ছল ও পারিবারিক কলহযুক্ত পরিবারকে টার্গেট করে নবজাতক ও শিশু সংগ্রহ করে চড়া মূল্যে পাচার করত। তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক শিশু পাচারের তথ্য-প্রমাণ মিলেছে। অন্যদিকে শিশু দুটির বাবা মেজবাহ উদ্দিন এর আগেও একাধিক বিয়ে করে নিজের সন্তানদের অর্থের বিনিময়ে বিক্রি করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত মূলহোতা এমদাদুল হক রাব্বানীর ৫ দিনের এবং নূর-ই-নাসরিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে অপরাধ স্বীকার করে শিশুদের বাবা মেজবাহ উদ্দিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই আন্তর্জাতিক ও দেশীয় শিশু পাচার চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তার এবং আরও কোনো শিশু পাচার হয়েছে কিনা তা উদঘাটনে পিবিআইয়ের জোরালো অভিযান ও তদন্ত চলমান রয়েছে।

অপরাধ ও আদালত ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ