বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, ডান হাত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা
বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর দুর্বৃত্তরা তার ডান হাত কেটে নিয়ে গেছে বলে জানা গেছে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিঠু শেখ ওই এলাকার ওহেদ শেখের ছেলে। তিনি স্থানীয় বিএনপির একজন কর্মী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির পাশে কলাক্ষেতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন মিঠু। এ সময় একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ বলেন, মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিকভাবে এটি জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
📍 আরডিএম প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ