*ধামরাইয়ে মুখোমুখি সংঘর্ষে দুই বাস, আহত অন্তত ২৫ যাত্রী*
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার (১৬ মে) সকাল ৮টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ‘স্বপ্ন’ ও ‘পদ্মা স্পেশাল’ নামে দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে স্বপ্ন পরিবহনের যাত্রীরা বেশি আহত হন। তারা বেশিরভাগই একটি পোশাক কারখানার কর্মী ছিলেন বলে জানা গেছে।
সংঘর্ষের পর স্বপ্ন পরিবহনের বাসচালক গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন খান জানান, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো হয় এবং সকাল ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক হয়ে আসে।
📍 ধামরাই প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ