সৌদিতে শ্রম আইন লঙ্ঘনে কঠোর অভিযান, বাতিল ৭২০০-এর বেশি ওয়ার্ক ভিসা
সৌদি আরবে শ্রম আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে দেশটির সরকার। বিভিন্ন অনিয়মের অভিযোগে ইতোমধ্যে ৭ হাজার ২০০টির বেশি ওয়ার্ক ভিসা বাতিল করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর সরকারি সেবাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দেশজুড়ে এই অভিযান পরিচালনা করছে। স্মার্ট মনিটরিং সিস্টেম ও বিশেষ পর্যবেক্ষণ টিমের মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক কার্যক্রম যাচাই করা হয়। এতে অবৈধ কর্মসংস্থান সংশ্লিষ্ট ১৩ হাজার ৫০৯টি গুরুতর অনিয়ম শনাক্ত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক প্রতিষ্ঠানকে সৌদিকরণ কর্মসূচি ‘নিতাকাত’ থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত কর্মীদের নতুন কর্মসংস্থানের সুযোগ দিতে তাদের তথ্য পাঠানো হয়েছে মানবসম্পদ উন্নয়ন তহবিল ‘হাদাফ’-এ।
২০২৬ সালের প্রথম প্রান্তিকে সৌদির বেসরকারি খাতে প্রায় আড়াই লাখ পরিদর্শন চালানো হয়। এসব অভিযানে ১ লাখ ৬৮ হাজারের বেশি অনিয়ম ধরা পড়ে। একই সঙ্গে প্রায় ২ লাখ ৩০ হাজার প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন রিক্রুটিং অফিসে সাড়ে তিন হাজারের বেশি অনিয়ম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে কঠোর নজরদারি। অবৈধভাবে গৃহকর্মী সেবা প্রচারের অভিযোগে ২৩৮টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মানবপাচার রোধে ৫৪ হাজারের বেশি আগাম পরিদর্শন পরিচালনা করেছে কর্তৃপক্ষ।
সৌদি সরকার জানিয়েছে, শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান চলমান থাকবে। প্রবাসী কর্মীদের বৈধ কাগজপত্র ও কর্মচুক্তি ঠিক রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
📍 RDM Protinidi | RDM News 24, Dhaka Bangladesh