সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু,
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত দুই শিশু হলো—আবু সাফা ও রাফা আক্তার। তাদের বয়স এক বছরের কম ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এর ফলে সিলেট বিভাগে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে ল্যাব পরীক্ষায় নতুন কোনো রোগী শনাক্ত না হলেও ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
📍 সিলেট প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 সিলেট, বাংলাদেশ