স্ট্রিট চাইল্ড বিশ্বকাপে ভারতকে হারিয়ে ব্রাজিলের শিরোপা জয়*
মেক্সিকোতে অনুষ্ঠিত ‘স্ট্রিট চাইল্ড বিশ্বকাপ ২০২৬’ টুর্নামেন্টে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল। অন্যদিকে মেয়েদের বিভাগে কেনিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক মেক্সিকো।
শনিবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
টুর্নামেন্টটি উপলক্ষে মেক্সিকো সিটিসহ আশপাশের এলাকায় ফুটবল, সংগীত ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এবারের আসরে ব্রাজিলের ছেলেদের দল শিরোপা জয়ের পর বাসে নেচে উদযাপন করে, আর মেয়েদের দল ট্রফি হাতে উচ্ছ্বাসে মেতে ওঠে।
ব্রাজিল দলের অধিনায়ক জোয়াও জেভি বলেন, দীর্ঘ দুই বছরের কঠোর পরিশ্রমের ফল এটি। দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক মঞ্চে খেলতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।
২০টিরও বেশি দেশের ২৮টি দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের পঞ্চম আসর শুরু হয় ৬ মে। বৃহস্পতিবার মেক্সিকো সিটির বাইরে টেক্সকোকোতে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।
ফাইনাল ঘিরে আরও উচ্ছ্বাস যোগ করে আইরিশ রক ব্যান্ড ইউ২-এর উপস্থিতি। ড্রামার ল্যারি মুলেন জুনিয়র টস করেন, আর বোনোসহ অন্যান্য সদস্যরা মাঠের পাশে দাঁড়িয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন।
স্ট্রিট চাইল্ড ইউনাইটেডের প্রধান নির্বাহী জন রো বলেন, এই টুর্নামেন্টের লক্ষ্য হলো পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের কণ্ঠ বিশ্বব্যাপী তুলে ধরা এবং তাদের অধিকার ও সুযোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা।
মাঠের বাইরে খেলোয়াড়রা বিভিন্ন কর্মশালায় অংশ নেয়, যেখানে শিক্ষা, সহিংসতা থেকে সুরক্ষা ও লিঙ্গসমতার মতো বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উৎসবমুখর পরিবেশে সমাপনী অনুষ্ঠান শেষ হয়, যেখানে সংগীত পরিবেশন করেন মার্কিন র্যাপার পল রাসেল।
📍 স্পোর্টস ডেস্ক | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ