টিকাদানের তথ্য জালিয়াতি করেছিল আ.লীগ সরকার — হামের ক্যাম্পেইনেও মিথ্যা ডেটা

admin

May 14, 2026

টিকাদানের তথ্য জালিয়াতি করেছিল আ.লীগ সরকার — হামের ক্যাম্পেইনেও মিথ্যা ডেটা

আওয়ামী লীগ শাসনামলে টিকাদানের তথ্য-উপাত্ত কারসাজির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত হামের টিকাদান বিষয়ক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

ড. জিয়াউদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকার ডেটা টেম্পারিংয়ে দক্ষ ছিল। ২০২০ সালের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে যে সাফল্যের দাবি করা হয়েছিল, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বরং বাস্তবে অনেক শিশু ওই সময় টিকার আওতার বাইরে থেকে গিয়েছিল।

স্বাস্থ্য খাতের বাজেট সংকট প্রসঙ্গে তিনি জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল অত্যন্ত অপ্রতুল। বর্তমান সরকার জিডিপির অন্তত এক শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং এই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ শুরু হয়েছে।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, চলমান হামের টিকাদান কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। যেসব উপজেলায় আগে টিকা দেওয়া হয়েছে, সেখানে সংক্রমণ কমে আসছে এবং লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ ইতোমধ্যে পূরণ হয়েছে। তবে হামের পরবর্তী জটিলতা হিসেবে নিউমোনিয়ায় মৃত্যু ঠেকাতে হাসপাতালগুলোকে বিশেষ নির্দেশনা ও সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ